মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটির সভাপতি ব্যারিস্টার শুক্লা

বাংলাদেশ মহিলা সংস্থার এ্যাডহকের নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শুক্লা)। শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্রীড়া সংগঠক অধ্যাপক ডা. ইসমত আরা হায়দার, ক্রীড়া সংগঠক আয়েশা সিদ্দিকা মানি, পুলিশের অতিরিক্ত ডিআইজি আতিয়া হুসনা, ক্রীড়া সংগঠক মির্জা ফারজানা রহমান হোসনা ও অ্যাডভোকেট রুনা লায়লা, সাধারণ সম্পাদক শুটার শারমিন আক্তার রত্না, যুগ্ম সম্পাদক শুটার সাবরিনা সুলতানা, ক্রীড়া সংগঠক সৈয়দা তাসলিমা আক্তার, কোষাধ্যক্ষ শক্তি রানী মন্ডল।

এছাড়া কমিটিতে সদস্যরা হলেন জুডো খেলোয়াড় কামরুন নাহার হিরু, অ্যাথলেট ফরহাদ জেসমিন লিটি, সাবেক জাতীয় জিমন্যাস্টিক্স খেলোয়াড় পারভীন লায়লা লুসিসহ অন্যান্যরা।

নতুন এ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে দৃশ্যমান, সুদূর প্রসারী ও ইতিবাচক পরিবর্তন আনার বিষয়ে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে বলে অঙ্গিকার ব্যক্ত করেন।

নতুন এই কমিটিকে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।