যারা আমাকে নিয়ে ট্রল করে তারা কেউ পরীক্ষার্থী নয়: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, যারা আমাকে নিয়ে ট্রল করে তারা কেউ পরীক্ষার্থী নয়। তিনি বলেন, নকল হচ্ছে, প্রশ্নপত্র বের হচ্ছে, এগুলো বানিয়ে বানিয়ে বলতে হবে তাই বলছে।

দিস ইজ দ্যা ইনটেশন টু দ্যা নেশন। আমরা এসেছি, দ্বায়িত্ব পেয়েছি জাতিকে সু-শিক্ষিত করার। যে যত ট্রলই করেন না কেন যত অপবাদই দেন না কেন আমাদের সঠিক দ্বায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন না। লেখাপড়া করতেই হবে এবং তার মান উন্নয়ন আমাদের করতেই হবে।

এসময় মন্ত্রী একজন শিক্ষককে উদ্দেশ্য করে বলেন, একজন শিক্ষক যার ড.ডিগ্রি আছে তিনি আমাকে পরীক্ষা মিলন নাম দিয়েছেন। আপনি যে পিএইচডি করেছেন তা কি বিনা পরীক্ষায় করেছেন? আজকে উন্নত বিশ্বে নতুন পদ্ধতিতে যে পড়ালেখা করা হয় তা কি পরীক্ষা ছাড়া হয় পরীক্ষা ছাড়া কি সার্টিফিকেট হয়? বাংলাদেশে এত বেশি পিএইচডি হয়েছে সেগুলো আমাদের খতিয়ে দেখতে হবে। যারা উচ্ছৃঙ্খল কথা বলে সমাজকে উস্কানি দিতে চায় তাদেরকে তরুণ প্রজন্ম ব্যার্থ করে দিবে।  

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ হবে এডুকেশনাল হাব। বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পড়তে আসবে। সেই আদলে বিশ্ববিদ্যালয় তৈরী করা হচ্ছে। 

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে নবাগত শিক্ষার্থীদের বরণ এবং শিক্ষা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শনিবার (১৮জুলাই) সকাল ১০টায় শহরের বরুলকান্দি মোড়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাস্পাসে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তি ও বেলুন উড়ানো এবং ফলক উন্মোচন করা হয়। তারপর বিশ্ববিদ্যালয়ের নতুন শ্রেণিকক্ষ, আধুনিক গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব এবং ব্র্যাক ব্যাংক স্টাডি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কেক কেটে শিক্ষা কার্যক্রমের শুভ সূচনা করা হয়। এরপর সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনাসভা ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।  

শিক্ষা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাঃ হাছানাত আলী।

হিসাব বিজ্ঞান ও আইন বিভাগের দুটি অনুষদে ৮০ জন শিক্ষার্থী ভর্তি হয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের নওগাঁর ঐতিহ্যবাহী আম গাছের চারা দিয়ে বরণ করে নেওয়া হয়।