নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে চাইনিজ কুড়াল ও রামদাসহ দুটি দেশীয় অস্ত্র এবং ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গনেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের আফজাল হোসেনের ছেলে আরমান আলী (৩১) ও মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে আইজুল ইসলাম (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গতকাল ররিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গণেশপুর ইউনিয়নের কাঞ্চন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আরমান আলীর বাড়ি থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আরমান আলী ও আইজুল ইসলাম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে আরমান আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা মাদক কারবারির পাশাপাশি বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে এবং এ ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নেতাদের মতবিনিময়