জামালপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সভা

‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে শহরের মুসলিবাদ সমাজকল্যাণ সমিতির উদ্যোগে এ মাদকবিরোধী জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাইয়েদুজ্জামান মাস্টার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাবেক চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ইকরামুল হক নবীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. রকিবুল করিম রাকিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শাহেদ আলী। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদকের করাল গ্রাস থেকে জাতিকে রক্ষা করতে হলে সামাজিক সচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে হবে। মাদক শুধু রাষ্ট্রের জন্যই হুমকি নয়, এটি একটি পরিবার ধ্বংসের অন্যতম কারণ। তাই পাড়া-মহল্লা থেকে শুরু করে সর্বস্তরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, আগামী দিনের তরুণরাই দেশের নেতৃত্ব দেবে। তাই তাদের কোনোভাবেই মাদকের সংস্পর্শে যেতে দেওয়া যাবে না। মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।