চৌদ্দগ্রামে বাড়ি নির্মাণকে কেন্দ্রে করে সংঘর্ষ, থানায় অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে সংঘবদ্ধ হামলা ও নির্মাণ সামগ্রী লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. ইমন হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রবিবার (১৯ জুলাই) বিকেলে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন হামলা ও থানায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা ও বাড়ি নির্মাণ নিয়ে ইমনের প্রতিবেশী সাইফুল, সাগর, শাকিলদের সঙ্গে বিরোধ ছিল। ২০০৮ সালে ইমন বসত বাড়ির সীমানা নির্ধারণ করেন এবং ২০২৫ সালে ফাউন্ডেশন দিয়ে নতুন ভবনের কাজ শুরু করেন। তবে প্রতিবেশী সাইফুল শুরু থেকেই এতে বাধা দিয়েছিলেন।

অভিযোগে জানা গেছে, ১৮ জুলাই বিকেলে নির্মাণকাজ চলাকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের কাজ বন্ধ করে দেন। একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে ইমন, তার স্ত্রী, ভাই ও ভাতিজা বাড়ির সামনে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার সময় অভিযুক্তরা নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালিয়ে নির্মাণ সামগ্রী নিয়ে যান। এছাড়া বসতঘরের জানালার থাই গ্লাস ভেঙে ফেলে।

অভিযুক্ত সাইফুল জানান, আমার ও ইমনদের বাড়ির দ্বিতীয় তলায় নির্মাণ নিয়ে আগে থেকে দ্বন্দ্ব ছিল। সম্প্রতি সে বিরোধ স্থানীয়ভাবে মিংমাসা হলেও তারা আবারও অন্যায়ভাবে ওয়াল নির্মাণ কাজ শুরু করলে আমি বাধা দেই।  পরে ইমন তার শুশুর বাড়ি শ্রীপুর থেকে বহিরাগত নিয়ে এসে আমাদের ওপর হামলা করলে আমার ভাগিনা সাগর গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে|

এবিষয়ে ওসি মো. আরিফ হোছাইন বলেন, দুইপক্ষের বাড়ির দ্বিতীয় তলার দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে সংর্ঘষে জড়ান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুইপক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।