বেড়াতে গিয়ে সড়কে প্রাণ গেল শিশুর

জামালপুরের মেলান্দহে নানা বাড়িতে বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুর নিহত হয়েছে। রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার আগপয়লা গ্রামে মাহমুদপুর-মেলান্দহ সড়কে এ দুর্ঘটনায় ঘটে।

নিহত নাজনীন নাহান (৭) নাজমুল হাসানের মেয়ে ও রোকনাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের বরাতে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, কয়েক দিন আগে শিশু নাজনীন মায়ের সঙ্গে আগপয়লা গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। রবিবার সকালে খাবার খেয়ে সহপাঠীদের সঙ্গে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সড়ক পারাপারের সময় হঠাৎ দ্রুতগতির একটি ব্যাটারিচালিত ইজিবাইক নাজনীনকে চাপা দিলে গুরুতর আহত সে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাইদ আহমেদ শুভ বলেন, একদম মুমূর্ষু অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলে আমরা দ্রুত তাকে অক্সিজেন ও সেলাইন দেই। কিন্তু ক্রমেই তার নিশ্বাস কমে আসায় পাঁচ মিনিটের মধ্যেই সে মারা যায়।