আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে ১-০ গোলের ঐতিহাসিক জয়ে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা অর্জনের নেপথ্যে বড় ভূমিকা ছিল নিকো উইলিয়ামসের। বদলি হিসেবে নেমে অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের সেই জয়সূচক গোলটিতে দুর্দান্ত অ্যাসিস্ট করে লা রোহাদের বিশ্বসেরার মুকুট এনে দেয়ার পেছেনের কারিগর তিনি।
দারুণ সাফল্যের পর ব্যক্তিগত অর্জন নিজের ঝুলিতে না রেখে ব্রাজিলের সুপারস্টার ও নিজের শৈশবের ‘আইডল’ নেইমার জুনিয়রকে এই ট্রফি উৎসর্গ করে ফুটবল বিশ্বে এক দারুণ আলোচনার জন্ম দিয়েছেন ২৪ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।
ম্যাচ শেষে ‘কাজে টিভি’ -কে দেওয়া সাক্ষাৎকারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে নিকো উইলিয়ামস বলেন, ‘আমি ভীষণ খুশি, আমার কাছে এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি। আমি নেইমারকে আমার আইডল মানি, আশা করি সে আমাদের ম্যাচটি দেখছিল, এই জয়টি মূলত তার জন্যও।’
চলতি বিশ্বকাপে সেলেসাওদের হয়ে রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নেওয়া নেইমারের প্রতি নিকোর এমন নিখাদ ভালোবাসা ও শ্রদ্ধাবোধ ফুটবলপ্রেমীদের হৃদয়ে এক অন্যরকম আবেগ ছুঁয়ে গেছে।
এই ফাইনাল ম্যাচেই ভাগ্যের নির্মম পরিহাসে নিকোর একটি দুর্দান্ত গোল বাতিল হয়ে গিয়েছিল মাইকেল মেরিনোর ফাউলের সুবাদে। তবে তাতে দমে না গিয়ে ম্যাচের শেষ মুহূর্তে ঠিকই নিজের আলো ছড়িয়েছেন তিনি। অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে বাঁ প্রান্ত দিয়ে গতিময় এক আক্রমণ শাণিয়ে নিখুঁত হেডে বল বাড়িয়ে দেন ফেররান তোরেসের পায়ে, যা থেকে আসা গোলটিই স্প্যানিশদের নিশ্চিত করে ইতিহাসের সোনালি ট্রফি।