নিউইয়র্ক মেটলাইফ স্টেডিয়ামের ফাইনাল ম্যাচ শেষে মাঠের পরিবেশ রূপ নিয়েছিল কোনো এক ওয়েস্টার্ন সিনেমার কাউবয়দের ‘বুনো’ মারামারির আখড়ায়। আর এই কলঙ্কিত অধ্যায়ের মূল খলনায়ক লিওনার্দো পারেদেস। রেফারির শেষ বাঁশি বাজার পর আচমকাই মাথা গরম করে বসেন সাবেক জুভেন্টাস ও রোমার এই মিডফিল্ডার। স্পেনের এরিক গার্সিয়া, পেদ্রি এবং গাভির ওপর তার এমন চড়াও হওয়ার ঘটনায় রেফারি স্লাভকো ভিনচিচ তাকে মাঠেই সরাসরি লাল কার্ড দেখান। ভিডিও ফুটেজ দেখে ধারণা করা যায়, তাতে কেবল এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়ে হয়তো পার পাবেন না এই আর্জেন্টাইন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে এই মারামারির সূত্রপাত ও ভেতরের দৃশ্য পরিষ্কার হওয়া গেছে। ঘটনার শুরুটা হয়েছিল আর্জেন্টিনার নাহুয়েল মলিনা এবং স্পেনের রদ্রির মধ্যকার বাগবিতণ্ডা দিয়ে। সেখানে এরিক গার্সিয়া 'ঢুকে' পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঠিক তখনই ঝড়ের বেগে সেখানে প্রবেশ করেন পারেদেস। প্রথমে গার্সিয়া এবং পরে পেদ্রির সাথে তার ধাক্কাধাক্কি হয়।
ইতালির গণমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ট জানতে পেরেছে, স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি নাকি পারেদেসকে উদ্দেশ্য করে বলেছিলেন—"মেসিকে ছাড়া তোমরা জীবনেও বিশ্বকাপ জিততে পারতে না।" এই কথা শোনার পর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন পারেদেস। তিনি চরম ক্ষোভ নিয়ে এরিক গার্সিয়াকে ধাক্কা দেন এবং একটি ঘুষি মারার চেষ্টা করেন, যা লক্ষ্যভ্রষ্ট হলেও গার্সিয়ার মুখে গিয়ে আঘাত করে।
রিস্থিতি সামাল দিতে গাভি পেছন থেকে এসে দুজনের মাঝে দাঁড়ানোর চেষ্টা করতেই পারেদেসের প্রচণ্ড ক্ষোভের মুখে পড়েন এবং ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান। এর মধ্যে থিয়াগো আলমাদাও সেখানে চলে আসেন এবং পরিস্থিতি অনুধাবন করে পারেদেসকে শান্ত করার চেষ্টা করেন, যিনি তখন মাটিতে পড়ে থাকা গাভির ওপর চড়াও হওয়ার চেষ্টা করছিলেন। স্লোভেনিয়ান রেফারি ভিনচিচ ঠিক এক মিটার দূরত্বে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছিলেন এবং তাৎক্ষণিকভাবে পারেদেসকে লাল কার্ড দেখান। পরবর্তীতে সতীর্থরা এসে তাদের আলাদা করে মাঠ থেকে সরিয়ে নেন।
মাঠের এই উত্তেজনার পর আর্জেন্টিনার খেলোয়াড়রা ‘মিক্সড জোন’ এড়িয়ে যান। পুরো দল গণমাধ্যমকে এড়িয়ে অলক্ষ্যে করিডোর পার হয়ে সরাসরি বাসের দিকে রওনা হয়। পুরো দলের মধ্যে কেবল কোচ লিওনেল স্কালোনি সংবাদমাধ্যমের সামনে দাঁড়ানোর সৌজন্যতা দেখান। প্রেস কনফারেন্সে আবেগে কেঁদে ফেলা স্কালোনি পরবর্তীতে মিক্সড জোনে অত্যন্ত শান্ত মাথায় দলের পরাজয় স্বীকার করে নেন। তিনি অকপটে বলেন, "আমাদের এটা মেনে নিতেই হবে যে আজকের ম্যাচে স্পেন আমাদের চেয়ে অনেক বেশি উন্নত ও সুপিরিয়র (সেরা) দল ছিল।"