ওমরাহ ভিসার মেয়াদ বাড়ল

পর্যটন খাতকে শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। এই ভিসা ব্যবহার করে দর্শনার্থীরা বছরে একাধিকবার দেশটিতে প্রবেশ ও টানা ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেনো। আর ভিসার মেয়াদ ৩৬৫ দিনে উন্নীত হয়েছে। 

সোমবার (২০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

তবে প্রতিবার প্রবেশের সময় ভিসাধারীদের অবশ্যই সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। সেই প্যাকেজের সময় ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। আর আগমনের পূর্বে দর্শনার্থীদের নুসুকের মাধ্যমে ওমরাহ অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।

তবে হজ মৌসুমে আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে পরবর্তী জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা নিষ্ক্রিয় থাকবে। ভিসাধারীরা এই কয়েক দিন এই ভিসা ব্যবহার করতে পারবেন না। 

প্রতিবেদেন বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখেই এই ভিসা প্রণয়ন করা হচ্ছে।