২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আরও কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২২ শতাংশে। প্রথম প্রান্তিকে প্রায় ৫ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে ৩ দশমিক ০৩ শতাংশ প্রবৃদ্ধির পর তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির এই আরও বড় পতন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতির ইঙ্গিত দিচ্ছে।
একই সময়ে শিল্প খাতে প্রবৃদ্ধি ঋণাত্মক হয়ে মাইনাস ০ দশমিক ২৮ শতাংশে নেমে এসেছে।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের সাময়িক জিডিপি হিসাবে এসব তথ্য উঠে আসে।
বিবিএসের তথ্যমতে, গত অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সংশোধিত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ৯৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তা কমে দাঁড়ায় ৩ দশমিক ০৩ শতাংশে। আর তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রবৃদ্ধি আরও কমে ২ দশমিক ২২ শতাংশে নেমে এসেছে।