বিগত সময়ে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার শূন্য দশমিক ৮ থেকে ১ দশমিক ১৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত অতিমূল্যায়িত করে দেখানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর।
তিনি বলেছেন, রাজনৈতিক স্বার্থ হাসিল এবং উন্নয়নের বয়ান তৈরির জন্য পরিকল্পিতভাবে পরিসংখ্যানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে ২০১৪-১৫ সালের পর থেকে বিভিন্ন খাতে এ ধরনের অসংগতি দেখা গেছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলনকক্ষে ‘পিয়ার রিভিউ অব ফরেনসিক অডিট রিপোর্ট অন জিডিপি এস্টিমেটস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, সরকারের ইশতেহারে পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। কারণ, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। এসব তথ্যের ভিত্তিতে তৈরি পরিকল্পনা ও সরকারি কার্যক্রম, এমনকি বাজেটেও অসংগতি ছিল।
ফরেনসিক অডিটের তথ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, ২০১৪-১৫ সালের পর থেকে জিডিপির হিসাবে বিভিন্ন অসংগতি পাওয়া গেছে। সাতটি খাতে অতিমূল্যায়নের বিষয়টি প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে। শিল্প খাতের ২২টি উপখাত পর্যালোচনা করে সাতটি উপখাতে এ ধরনের অসংগতি পাওয়া গেছে। বিশেষ করে যেসব ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নিজস্ব জরিপ বা সরাসরি তথ্যের পরিবর্তে দ্বিতীয় পক্ষের উৎস থেকে তথ্য নেওয়া হয়েছে, সেসব ক্ষেত্রেই অতিমূল্যায়ন করা হয়েছে।
রাশেদ তিতুমীর বলেন, পোশাকশিল্পের মতো যেসব খাতে নির্ভরযোগ্য তথ্য রয়েছে, সেখানে অতিমূল্যায়নের ঘটনা পাওয়া যায়নি। বরং প্রশাসনিকভাবে সরবরাহ করা উপাত্তের ওপর নির্ভরশীল খাতগুলোতে অসংগতি দেখা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইবাস ব্যবস্থা চালুর আগের তথ্যেও গরমিলের প্রবণতা ছিল। এ ছাড়া সিমেন্ট উৎপাদনের তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট খাতের মূল্য সংযোজনের হিসাবের মিল পাওয়া যায়নি। পেট্রোলিয়াম খাতেও একবার উৎপাদন অনেক বেশি দেখানোর পর আবার তা কমিয়ে দেখানোর ঘটনা ঘটেছে।
তিনি জানান, সরকার এমন একটি পরিসংখ্যানব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে সরকার পরিবর্তন হলেও তথ্যের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার পরিবর্তন হবে না। জিডিপি সরকারের কোনো রাজনৈতিক হাতিয়ার নয়, এটি জনগণের সম্পদ। পরিসংখ্যানের সত্যতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়বদ্ধতা ও জবাবদিহির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার সেই বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠায় কাজ করছে।