লালমোহনে যুবকের অস্বাভাবিক মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় আকবর হোসেন (৩৫) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সোমবার (২০ জুলাই) এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পায়নি পুলিশ। নিহত আকবর হোসেন উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকার মো. হানিফ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আকবর দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসা নিলেও তিনি পুরোপুরি সুস্থ হচ্ছিলেন না। ঘটনার দিনও তিনি অসুস্থতার কথা জানান। এ সময় চিকিৎসকের কাছে যাওয়া নিয়ে স্ত্রী কুলসুমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্ত্রী পাশের বাড়িতে চলে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি ঘরের আড়ার সঙ্গে আকবরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তবে এখনও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া যায়নি। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে কোনো অপরাধমূলক তথ্য বা অন্য কোনো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, গতকাল রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় নিজ ঘর থেকে আকবর হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।