মাদকসহ গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা, দল থেকে বহিষ্কার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকসহ শাকিল খান (২৬) নামের এক এনসিপির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ সোমবার (২০ জুলাই) বিকেলে সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

শাকিল খানের বাড়ি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামে। তিনি ওই গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে। শাকিল খান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং

স্টেশন এলাকা থেকে শাকিল খানকে আটক করা হয়।পুলিশের দাবি, এসময় শাকিল খানের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 

শাকিল খানের দলীয় পরিচয় নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা এনসিপির সদস্য সচিব আশানুর রহমান। তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি সবসময় মাদক, জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে। দলের গঠনতন্ত্র অনুযায়ী শাকিল মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গাইবান্ধা জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শাকিল খান দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুন্ন করেছে। এ কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব ধরনের দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি (বহিষ্কার) দেওয়া হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণকে তার সঙ্গে দলের নামে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।