নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

নড়াইলের সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পাচুড়িয়া পাড়ায় ৫ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নিহত শিশু জান্নাতুল ওই গ্রামের মফিজুর রহমানের কন্যা। সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী আতিয়ার রহমানের ছেলে রবিউল ইসলাম রবি (৩০) ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করে বলে স্বজনদের অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত রবিউল বাড়ি থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় স্বজন, এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা গেছে, শিশু জান্নাতুল তার পিতা মফিজুর রহমান বাড়ির পাশের দোকান থেকে চানাচুর কিনে দিয়ে বাড়ি যেতে বলে। শিশুটি চানাচুর নিয়ে বাড়ি ফিরছিলো। দীর্ঘ সময় পরও সে বাড়ি ফিরে না আসায় তার স্বজনরা তাকে খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে তাকে প্রতিবেশী রবিউল ইসলাম রবির ঘরের মধ্যে কাথা দিয়ে জড়ানো অচেতন অবস্থায় পাওয়া যায়।

স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্ ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, আতিয়ার রহমানের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। তবে তারা পারিবারিক ঝামেলার কারণে না থাকায় রবিউল একা এই বাড়িতে থাকেন। ঘটনার সময় আশেপাশে কেউ না থাকায় রবিউল তার ঘরে নিয়ে শিশুর মুখে গামছা বেঁধে ধর্ষণ করে বলে স্থানীয়রা মনে করছেন। শিশুটি অচেতন হয়ে পড়লে তাকে কাথা দিয়ে জড়িয়ে রেখে পালিয়ে যায়।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবর বলেন, মৃত্ অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোষীকে সনাক্ত করা হয়েছে। তাকে আটকের জোর চেষ্টা চলছে। মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে এঘটনার খবর ছড়িয়ে পড়লে নিজগ্রামসহ বিভিন্ন এলাকার মানুষ হাসপাতালে ভীড় করে। ঘটনার সাথে জড়িত রবিউলকে দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।