গায়ানায় ১৩৩ আরোহী নিয়ে ফেরিডুবি

দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার আটলান্টিক উপকূলে অন্তত ১৩৩ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, বাকি ৬৬ জন এখনো নিখোঁজ রয়েছে। গতকাল সোমবার আলজাজিরা জানিয়েছে, উদ্ধার হওয়া আরোহীদের মধ্যে ৪১ জন পুরুষ, ১১ জন নারী, ৬ জন ছেলে এবং ৯ জন মেয়ে। এমভি বারিমা নামের ফেরিটিতে ১১৬ জন যাত্রী এবং ১৭ জন ক্রু ছিলেন। রাজধানী জর্জটাউন থেকে পোর্ট কাইতুমা যাওয়ার পথে উপকূল থেকে প্রায় সাত মাইল দূরে উত্তর আটলান্টিক মহাসাগরে ফেরিটি উল্টে যায়।

গায়ানার গণপূর্তমন্ত্রী হুয়ান এজহিল জানান, দুর্ঘটনার সময় অন্ধকারের কারণে এবং সমুদ্রতলে তল্লাশি করার মতো স্ক্যানারযুক্ত জাহাজ না থাকায় শুরুতে উদ্ধারকাজ ব্যাহত হয়েছিল। উদ্ধারকারীদের তখন কেবল চোখ ও কানের ওপর নির্ভর করতে হয়। তবে পরবর্তী সময়ে তেল ও গ্যাস খাতের বিভিন্ন কোম্পানি স্ক্যানারযুক্ত জাহাজ পাঠিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। বর্তমানে ডুবুরি দলও ফেরির ভেতরে তল্লাশি চালাচ্ছে।

নিখোঁজদের সন্ধানে তল্লাশির এলাকা ৪০০ বর্গকিলোমিটার থেকে বাড়িয়ে ১ হাজার ৪০ বর্গকিলোমিটার করা হয়েছে।