এনএসসির পরিচালক হলেন সাবেক ফুটবলার জাহেদ পারভেজ

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক তারকা ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরীকে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বনীর স্বাক্ষর করা প্রজ্ঞাপনে (স্মারক নং- ০৫.০০.০০০০.১৪৬.৩৪.০৪৯.২১-৩৫৫) এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।

১৯৯৭ সালে ফুটবল খেলা শুরু করেন জাহেদ পারভেজ চৌধুরী। ২০০১ সালে প্রিমিয়ার লিগের ক্লাব ফরাশগঞ্জের মাধ্যমে পেশাদার ফুটবলে পদার্পণ করেন তিনি। এরপর ২০০২-০৩ সালে আরামবাগ হয়ে ২০০৪-২০১০ পর্যন্ত আবাহনীতে খেলেন। ২০০১ সালে মুক্তিযোদ্ধা সংসদে খেলে পরের পছর শেখ রাসেলে যোগ দেন। ২০১৬-২০১৭ সালে ফিরে আসেন মুক্তিযোদ্ধায়। ২০১৭ থেকে ১৯ মৌসুমে শেখ জামালে খেলে ২০২০-২০২১ মৌসুমে সর্বশেষ চট্টগ্রাম আবাহনীতে খেলেছেন জাহেদ পারভেজ। জাতীয় দলেও ছিল তার বর্ণাঢ্য ক্যারিয়ার। ২০০৫ থেকে ২০১১ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এসএ গেমসে স্বর্ণপদক জেতা ফুটবল দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। এ ছাড়া ২০০৮ সালে ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের স্বর্ণ জেতা দলেও ছিলেন জাহেদ পারভেজ চৌধুরী।