ঢাকায় শুরু হচ্ছে ‘থাই গুরমে গালা’

রাজধানীতে আগামী ২৩ থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’ এবং ‘থাই গুরমে গালা’ ভলিউম-৩। প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার গ্র্যান্ড বলরুম ও ক্যাফে বাজার রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ আয়োজনের মাধ্যমে থাইল্যান্ডের পণ্য, সংস্কৃতি ও রন্ধনশৈলীর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা। গতকাল সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আয়োজকরা জানান, রয়্যাল থাই দূতাবাসের কমার্শিয়াল অ্যাফেয়ার্স অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া ‘টপ থাই ব্র্যান্ডস ২০২৬’-এর এটি ২১তম আসর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ২৩ জুলাই দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে ঢাকায় থাইল্যান্ড দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (কমার্শিয়াল) অনুসর্ন কৌতিপভিত্তায়া বলেন, এ মেলার মাধ্যমে দুদেশের সম্পর্ক, ব্যবসায় ও  পিপল টু পিপল যোগাযোগ বাড়বে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় থাইল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ বানিজ্য অংশীদার। আমাদের এই মেলায় শুধু থাই পণ্যকে তুলে ধরা নয়, আমাদের দুদেশের বাণিজ্যকে টেকসই ও সম্প্রসারিত করা।

সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের আসরে ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। থাইল্যান্ডের শীর্ষ কোম্পানির পাশাপাশি তাদের বাংলাদেশি আমদানিকারক ও এজেন্টরাও এতে অংশ নেবেন। খাদ্য ও পানীয়, হাসপাতাল ও স্বাস্থ্যসেবা, ওয়েলনেস, ফ্যাশন, বিউটি ও কসমেটিকস, নির্মাণসামগ্রী, কেমিক্যাল ও লুব্রিকেন্ট, স্টেশনারি এবং শিশু পরিচর্যাসহ বিভিন্ন খাতের পণ্য প্রদর্শিত হবে।

মেলার অন্যতম আকর্ষণ ‘বিজনেস ম্যাচমেকিং সেশন’, যেখানে থাই কোম্পানিগুলো বাংলাদেশি আমদানিকারক, পরিবেশক, ব্যবসায়ী ও সম্ভাব্য অংশীদারদের সঙ্গে সরাসরি বৈঠক করবে। আয়োজকদের আশা, এর মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে এবং বিদ্যমান সহযোগিতা আরও জোরদার হবে।