রায় মানতে গড়িমসি করছে গ্রামীণ ব্যাংক

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সংবাদ সম্মেলন

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:৫৫ এএম

পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা দেওয়ায় হাইকোর্টের রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংক গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। একইসঙ্গে প্রায় ১৪ হাজার অবসরপ্রাপ্তের ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন তারা। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি কেএম শহীদুল হক, সহসভাপতি হাবিবুল ইসলামসহ অন্য অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

কেএম শহীদুল হক লিখিত বক্তব্যে বলেন, সরকারি সব সুযোগ-সুবিধা গ্রামীণ ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের পুনঃপেনশন ও বিভিন্ন ভাতা দেওয়া থেকে বঞ্চিত করে রেখেছে কর্তৃপক্ষ। অবসরপ্রাপ্তদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে কিছু কিছু পদক্ষেপ নেয় সরকার। সে অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠানে পুনঃপেনশন ও ভাতা দেওয়া অব্যাহত থাকলেও অবসরপ্রাপ্তদের এসব সুবিধা দেয়নি গ্রামীণ ব্যাংক।

তিনি আরও বলেন, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ায় ২০২১ সালে হাইকোর্টে কয়েকটি রিট করেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘ শুনানি শেষে ২০২৪ সালের ১৯ মার্চ রিট আবেদনকারীদের পক্ষে রায় দেন বিচারপতি নাইমা হায়দার ও কাজী জিনাত হকের আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত