পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঠালবাগান এলাকায় মঙ্গলবার (২১ জুলাই) ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, পুকুরপাড় ও ধানমন্ডি এলাকায় লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপনের কাজ করা হবে। এ কারণে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা ফ্রি স্কুল স্ট্রিট, ভূতের গলি, কিচেন রোড, আল আমিন রোড ও কাঠালবাগান এলাকার আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।