মধ্যস্থতার খবরে কমল বিশ্ববাজারে তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। তবে একই সময়ে দুই দেশ নতুন করে হামলা চালিয়েছে এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের হুমকি দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এসব উত্তেজনার মধ্যেও কূটনৈতিক উদ্যোগের সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশাবাদ তৈরি করেছে, যার প্রভাব পড়েছে তেলের বাজারে।

গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ৫২ মিনিট পর্যন্ত লেনদেনে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৮৮ দশমিক ৮৭ ডলারে নেমে আসে।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রায় অপরিবর্তিত ছিল। এ সময় প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেলের দাম ছিল ৮২ দশমিক ৪৭ ডলার।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য মধ্যস্থতার উদ্যোগের খবর বাজারে প্রভাব ফেললেও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হুথিদের হুমকি এখনো বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় ঝুঁকি হিসেবে রয়ে গেছে।

সূত্র: আলজাজিরা