বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ও গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় জেলা পরিষদ আইন ২০০০ এর ৮২ ক (১) ধারা অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকলীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। সরকারি প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে যে প্রশাসক হিসেবে জেলা পরিষদ চেয়ারম্যানের সব ক্ষমতা ও দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বিধি অনুযায়ী সরকারি ভাতাও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
খোঁজ নিয়ে জানা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এ চৌকস ছাত্রদল নেতা মাহবুবের রহমান শামীমের এই নিয়োগ চট্টগ্রামের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তার নেতৃত্বে জেলা পরিষদের প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন।