চট্টগ্রামে বসতবাড়িতে হামলার অভিযোগ

‎‎চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার আলীনগর এলাকায় চাঁদাবাজি, বসতবাড়িতে হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (২০ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী আশা পুতুল।

আশা পুতুল দাবি করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের বসতবাড়িতে হামলা, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছেন ‎মোস্তফা মুন্না, রিয়াদ, সাইমন, পাভেল ও সুজনসহ কয়েকজন সন্ত্রাসী। তাদের হুমকিতে পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

‎সংবাদ সম্মেলনে আশা পুতুল অভিযোগ করেন, অভিযুক্তরা ৫ আগস্টের আগে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেদের বিএনপির কর্মী-সমর্থক হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং সেই প্রভাব কাজে লাগিয়ে চাঁদাবাজি, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তিনি।

পুতুল আরও অভিযোগ করেন, ঘটনার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলেও অভিযুক্তদের দৌরাত্ম্য থামেনি। উল্টো বিভিন্নভাবে মামলা তুলে নিতে চাপ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, মামলার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্বজনরা উপস্থিত ছিলেন।