চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার সময়সূচি সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ নিয়ে বার্তা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রকাশিত বিজ্ঞপ্তিটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ধরনের ভ্রান্ত তথ্য বিশ্বাস না করতে ও ছড়িয়ে না দিতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছে তারা।
আজ মঙ্গলবার (২১ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্যাদি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইদানিং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির নাম ব্যবহার করে সামাজিক মাধ্যমে একটি নোটিশ ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়, আগামী ২৭ জুলাই থেকে নির্ধারিত সূচি অনুযায়ী চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা যথারীতি চলবে। আন্তঃশিক্ষা বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে, এই তথ্যটি পুরোটাই অসত্য। এমন কোনো নোটিশের সাথে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কিংবা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির ন্যূনতম কোনো সম্পর্ক নেই।
যাচাই-বাছাই ছাড়া সামাজিক মিডিয়ার কোনো খবর বিশ্বাস না করার এবং তা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাধারণ মানুষের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও পরিষ্কার করা হয়, পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও যাবতীয় দিকনির্দেশনা কেবল শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং স্ব-স্ব শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজেই প্রকাশ করা হয়।
সবাইকে এই জাতীয় অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।