বগুড়ায় শ্যালককে বাঁচাতে গিয়ে দুলাভাই খুন, আহত ২

বগুড়ার শাজাহানপুরে মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রঞ্জু মিয়া (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে মো. জুবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৪০) আহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে সোমবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের জরজিসের ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রঞ্জু মিয়া উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের ফজলাল মিয়ার ছেলে।

স্থানীয় ও শাজাহানপুর থানা সূত্রে জানা গেছে, রাতে ইটভাটার ভেতরে মাদক সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে খোরশেদ আলমের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে খোরশেদকে রক্ষা করতে তার দুলাভাই রঞ্জু মিয়া ও ভাগনে মো. জুবায়ের এগিয়ে যান।

এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে রঞ্জু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আহত খোরশেদ আলম ও মো. জুবায়েরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।