জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবে না। তিনি দাবি করেন, শেখ হাসিনার লাশও বাংলাদেশে দাফনের সুযোগ পাবে না। তাকে দিল্লির ওই অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে। তার লাশ ভারত দিল্লির পানিতে ভাসিয়ে দেবে।
সোমবার (২০ জুলাই) বিকেলে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে এনসিপির আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে সরোয়ার তুষার বলেন, এই বাংলাদেশে শেখ হাসিনার আর আসা হবে না, তার জানাজা হবে না, তার কবর হবে না। একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না।
এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেন। সরোয়ার তুষারের দাবি, নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নেওয়া হলেও এখন সেটিকে অবৈধ বলা হচ্ছে।
তিনি বলেন, গণভোট যদি অবৈধ হয়, তাহলে সেই গণভোটের ভিত্তিতে গঠিত সরকারও বৈধ হতে পারে না। গণভোটের রায় বাস্তবায়ন না করা পর্যন্ত জনগণ তা মেনে নেবে না।
জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় বর্তমান সরকারকে জনগণ ‘ভণ্ড ও প্রতারক’ হিসেবে চিহ্নিত করেছে বলেও দাবি করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ড. শামীম হামিদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা এনসিপির সভাপতি হুমায়ুন কবির। সঞ্চালনা করেন জেলা সদস্যসচিব মাইনুল আহসান মুন্না।