ঈশ্বরগঞ্জ

চুরির মামলার ৩ আসামিসহ গ্রেপ্তার ৮, আদালতে প্রেরণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চুরির মামলার ৩ আসামিসহ আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টধারী) আরও ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার রাজিবপুর, উচাখিলা ও আঠারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানায় গত ২১ জুলাই দায়ের করা একটি চুরির মামলায় মো. আনিছুর রহমান (২০), মো. শামীম মিয়া (২২) ও মো. হারেছ মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়। আসামিদের মধ্যে আনিছুর রহমানের পৈতৃক বাড়ি উত্তর বনগাঁও গ্রামে হলেও তিনি বর্তমানে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা (ফেরিঘাট মোড়) এলাকায় বসবাস করছিলেন। অন্যদিকে শামীম মিয়া ও হারেছ মিয়ার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার উত্তর বনগাঁও গ্রামে।

এদিকে পৃথক অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন— মো. আনোয়ার, মো. আওয়াল, মো. মাতাব আলী, নিজামুদ্দিন (৫৫) ও মো. দুলাল খাঁ। তাদের সবার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার ভাটিচর নওপাড়া গ্রামে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, রাতভর উপজেলার রাজিবপুর ও উচাখিলা ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আঠারবাড়ী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে চুরির মামলার ৩ আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।