চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম সুমনকে (৩০) গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার বড়লিয়া ইউনিয়নের মৌলভীর হাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মনিরুল ইসলাম সুমন কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শেখ মোহাম্মদপাড়া এলাকার বাসিন্দা এবং আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, ৫ আগস্ট পরবর্তী সময়ে পটিয়া থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার অবস্থান নিশ্চিত হয়ে মৌলভীর হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ স্কটের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান অব্যাহত থাকবে।