রাহুল-প্রিয়াংকা কোথায়, কংগ্রেসকে জানাচ্ছে না পুলিশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে দিল্লি পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্র ও অখিলেশ যাদবসহ বেশ কয়েকজন নেতাকে আটক করেছে। তবে পুলিশ তাদের কোথায় নিয়ে গেছে, তা জানাচ্ছে না বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতারা।

মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন কংগ্রেস নেতারা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের জবাব দাবি করছিলেন তারা।

এর আগে অবস্থান কর্মসূচি শুরু করার পর বিকেল চারটার দিকে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমরা প্রধানমন্ত্রীর বাসভবনে এসে গেছি। গতকাল ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের জবাব চাইতে এসেছি। এই সরকার কোনো দায় নিতে চায় না। তারা সংসদে বিতর্কও চায় না। দেশের যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ ধ্বংস করার অপরাধে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।’

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এমন অবস্থান কর্মসূচির ঘটনায় হকচকিত দিল্লি পুলিশ এক ঘণ্টার মধ্যে বহু গাড়ি নিয়ে লোককল্যাণ মার্গে পৌঁছে যায়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাহুল গান্ধীসহ অন্যদের সঙ্গে কথা বলেন। বিজেপির নেতাদের অভিযোগ, রাহুলদের এ কর্মসূচির কারণে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিপন্ন হচ্ছে। তবে এ অভিযোগ খণ্ডন করে কংগ্রেস নেতারা বলেন, তাঁদের এই ধরনা বা অবস্থান কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

পরে রাহুল গান্ধী আরও একটি বার্তা দেন। বিকেল পৌনে ছয়টায় ‘এক্সে’ দেওয়া ওই বার্তায় তিনি ইংরেজি ও হিন্দিতে লেখেন, ‘ছাত্রদের ওপর হামলা প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা। প্রধানমন্ত্রী মোদি মনে করেন, তিনি বিনা জবাবদিহিতে, বিনা ক্ষতিতে পার পেয়ে যাবেন। এবার তা হবে না। এবার পার পাবেন না। আমাদের ছাত্ররা সুবিচার পাক, এ কথা যারা বিশ্বাস করেন, সেই প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়কে আমি অনুরোধ করব এই ধরনায় শামিল হতে। ভারতীয় ছাত্রদের আওয়াজ বিফলে যাবে না।’