সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৮

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৯:৩৩ এএম

ভারতের সিকিমে একটি নির্মাণাধীন টানেলে ভূমিধসের পর গ্যাস লিকের ঘটনায় আটজন মারা গেছেন। এ সময় ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও ১৮ জনের বেশি শ্রমিক টানেলের ভেতরে আটকে আছেন। তাদের উদ্ধারে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) অভিযান চালিয়ে যাচ্ছে। খবর: এনডিটিভি

সোমবার (২০ জুলাই) বিকেলে দক্ষিণ সিকিমের সামারডুং টানেলে এ দুর্ঘটনা ঘটে।

 

রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানায়, উদ্ধার অভিযান এখনও চলছে। টানেলের ভেতরে ১৮ জনের বেশি শ্রমিক আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিক তথ্যে জানা যায়, টানেলের ভেতরে ভূমিধসের কারণে পথ বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন। পরে সেখানে মিথেন গ্যাস ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ আরও কঠিন হয়ে পড়ে। বিষাক্ত গ্যাসের কারণে উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থলে পৌঁছাতে পারছিলেন না।

উদ্ধার অভিযানে এনডিআরএফের পাশাপাশি রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), সিকিম পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বিভাগের সদস্যরা কাজ করছেন। 

নামচি জেলার জেলা প্রশাসক অনুপা তামলিং জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই শিলিগুড়ি ও পাকইয়ং থেকে উদ্ধারকারী দল এবং এসডিআরএফকে ঘটনাস্থলে পাঠানো হয়।

জেলা প্রশাসক আরও জানান, টানেল থেকে বেরিয়ে আসা কয়েকজন শ্রমিক জানিয়েছেন, তারা ভেতরে বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ শুনে দ্রুত বাইরে চলে আসেন। তবে অনেক শ্রমিক তখনও ভেতরে আটকা পড়ে যান।

তিনি বলেন, ভেতরে ঠিক কয়জন আটকে আছেন, তা এখনও নিশ্চিত নয়। প্রশাসনের প্রধান লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব সবাইকে নিরাপদে উদ্ধার করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত