শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আবাসিক হলের খাবারের মান নিয়ে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে একাডেমিক কার্যক্রম থেকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সঙ্গে দলীয় পদ থেকেও বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসিবুর রহমান এবং সহ-দপ্তর সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক রহমান।
এছাড়া তারেক রহমানের শাহপরান হলের আবাসিক সিট বাতিল করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষার্থী বিবেচনায় হলের সিটের জন্য আবেদন করার সুযোগ থেকেও তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
এদিকে গত রবিবার (১৯ জুলাই) ছাত্রদলের এই দুই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
উল্লেখ্য, গত শনিবার (১৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শাহপরান হলের ক্যান্টিনের খাবারের মান নিয়ে অভিযোগ করায় খাইরুল খন্দকার নামে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে।