শাবিপ্রবিতে কোরিয়ান কালচারাল ডে উদযাপিত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পিএম

কোরিয়ান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (কোইকা), বাংলাদেশের আয়োজনের সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘কোরিয়ান কালচারাল ডে’ উদযাপিত হয়েছে। কোইকার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। 

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, শ্রেণিকক্ষ ও পাঠ্যবইয়ের বাইরের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিশ্ব সম্পর্কে ধারণা প্রসারিত করে।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, সংস্কৃতি দুই জাতির মধ্যে সেতুবন্ধ তৈরি করে। সংগীত, চলচ্চিত্র, মার্শাল আর্ট, চিত্রাঙ্কন ও বিভিন্ন খেলার মাধ্যমে একে অপরের সংস্কৃতি ও জীবনধারা সম্পর্কে জানা যায়।

দক্ষিণ কোরিয়ার অগ্রগতির ইতিহাস তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস উল্লেখ করে উপাচার্য বলেন, নিষ্ঠা, শৃঙ্খলা ও শিক্ষার মাধ্যমে একটি জাতির পরিবর্তন সম্ভব। এ সময় তিনি শিক্ষার্থীদের সততা বজায় রাখা, দুর্নীতিবিরোধী কার্যক্রমে অংশ নেওয়া এবং শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম ও কোইকা বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর জিওন কিম।

টেকসই উন্নয়নে সহায়তা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে ১৯৯৩ সাল থেকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে কোইকা। 

সর্বশেষ সর্বাধিক পঠিত