অধিনায়ক ফিরলেন দলে

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর চোট, বিশ্রাম ও পুনর্বাসনের অধ্যায় শেষ করে একসঙ্গে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। ফলে শক্তিশালী পেস আক্রমণে মিচেল স্টার্কের সঙ্গে আবারও দেখা যাবে অস্ট্রেলিয়ার সেরা বোলিং ত্রয়ীকে।

১৩ সদস্যের সংক্ষিপ্ত দল দিয়েছে অজিরা। এতে বোঝা যাচ্ছে, সিরিজে বড় ধরনের পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চায় না তারা। প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, চোট কাটিয়ে ফেরা কামিন্স, হ্যাজেলউড ও লায়নের প্রত্যাবর্তনে নির্বাচক প্যানেল দারুণ উচ্ছ্বসিত। চোট থেকে মূল পেসাররা ফেরায় অ্যাশেজে ভালো পারফরম্যান্স করেও দলে জায়গা হয়নি পেসার মাইকেল নিসারের। তার সঙ্গে স্ট্যান্ডবাই তালিকায় আছেন ব্রেন্ডান ডগেট ও অফ স্পিনার টড মার্ফি।

ব্যাটিং বিভাগে ওপেনার জ্যাক ওয়েদেরাল্ড আবারও সুযোগ পেয়েছেন। তবে অ্যাশেজে ধারাবাহিক রান না পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাককে। এই সিরিজ দিয়েই ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। তবে সফরকারীরা এখনো দল নির্বাচন করতে পারেনি। জানা গেছে, গতকাল এ নিয়ে আলোচনায় বসেন নির্বাচকরা। কিন্তু একাধিক ক্রিকেটার চোটে পড়ায় বিপাকে পড়তে হচ্ছে তাদের।

লিটন দাস সিঙ্গাপুরে গেছেন ডাক্তার দেখাতে। তার হ্যামস্ট্রিংয়ের চোটের অবস্থা জানতে দেশে দুবার স্ক্যান করানো হলেও কিছুই ধরা পড়েনি। তবে অস্বস্তিবোধ করছেন তিনি। এজন্য আজ সিঙ্গাপুরে আরেকবার স্ক্যান করানো হবে। এখানেও কিছু ধরা না পড়লে অস্ট্রেলিয়া সিরিজের শুরু থেকেই থাকবেন তিনি। নাহিদ রানা জিম্বাবুয়ে সফরের শেষদিকে বাঁ পাশের পাঁজরের নিচের দিকে ব্যথা পান। আজ দেশে ফেরার পর তার চোটের সর্বশেষ অবস্থা জানতে পরীক্ষা করানো হবে বলে জানা গেছে। চোটে ভোগা আরেক পেসার শরিফুল ইসলাম আগামী ১ আগস্ট দলের সঙ্গেই অস্ট্রেলিয়ায় যেতে পারেন।