যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে ওয়াশিংটন সংলাপ ও আলোচনায় প্রস্তুত। তবে তার দাবি, ইরান এখনো আন্তরিকভাবে আলোচনায় আগ্রহী নয়।

বুধবার (২২ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তিনি এ মন্তব্য করেন।

রুবিও বলেন, 'তারা যদি আন্তরিক হয়, আমরাও আন্তরিক। কিন্তু যদি তারা আন্তরিক না হয়, তাহলে নিজেদের স্বার্থ এবং আমাদের মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র।'

তিনি আরও বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক নৌপথ বন্ধ করে দেওয়ার পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে। তার মতে, আন্তর্জাতিক জলপথ বন্ধ হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চলেও এর নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যও মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

রুবিওর এ বক্তব্য এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং নৌপথে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে বৈঠকে আসিয়ানভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানান।