মেসিদের নিয়ে অপপ্রচার: মানহানির মামলায় যাবে আর্জেন্টিনা

বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার খেলোয়াড়দের লক্ষ্য করে চালানো গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর্জেন্টিনার দৈনিক লা নাসিওন ও আলবিসেলেস্তে টকের সূত্র ধরে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

এএফএ মানহানির মামলার প্রস্তুতি নিচ্ছে, যার মূল লক্ষ্য- কোনো সঠিক প্রমাণ ছাড়া খেলোয়াড়দের বিরুদ্ধে আনা অসত্য দাবি, এডিট করা, বিকৃত বা যাচাই না করা ছবি ও ভিডিও ছড়ানো।

এএফএ এই বিষয়ে সম্পূর্ণ কঠোর অবস্থান গ্রহণ করতে যাচ্ছে। শুধু মূলধারার বড় সংবাদমাধ্যম কিংবা এক্স ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মের জনপ্রিয় অ্যাকাউন্টগুলোই নয়—যেকোনো অ্যাকাউন্ট (এমনকি অনুসারী বা ফলোয়ার সংখ্যা কম থাকলেও) যারা এই অপপ্রচারে অংশ নিয়েছে, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদন অনুযায়ী, এএফএর একটি ডেডিকেটেড লিগ্যাল টিম ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিভিন্ন পোস্ট, স্ক্রিনশট এবং প্রমানাদি সংগ্রহ করার কাজ শুরু করে দিয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এবং আদালত সংক্রান্ত পরবর্তী নির্দেশনার ঘোষণা আসতে পারে।