১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বুধবার (২২ জুলাই) নতুন করে আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১২৮তম বারের মতো পিছিয়েছে।

আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন জমা দিতে না পারায় আদালতে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেন। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলায় আসামি রয়েছেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের পরিচিত তানভীর রহমান খান। তানভীর জামিনে রয়েছেন, পলাশ জামিনে মুক্ত হয়ে পলাতক। অন্য আসামিরা কারাগারে আছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

প্রথমে মামলাটি থানা পুলিশ তদন্ত করলেও চার দিন পর দায়িত্ব পায় ডিবি। দুই মাসের বেশি সময় তদন্ত করেও রহস্য উদ্ঘাটন করতে না পারায় একই বছরের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

পরে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। একই সঙ্গে ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

এর পর ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের টাস্কফোর্স গঠন করে।