টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সুত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে ৩ কোটি ৭৮ লাখ ৭৮ হাজার ৮১৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে ৪ কোটি ৮০ লাখ ৯৪ হাজার ৫৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগও প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলার বিচার করা হয়। এর আগে গত ৫ মে ২০২৬ বিভাগীয় বিশেষ জজ আদালতে জাফর আহমদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।