ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও টেকসই উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে পেছনে রেখে একটি জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তারা এ দেশেরই নাগরিক এবং মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বসবাস করার অধিকার তাদের রয়েছে। তাদের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতিবাচক কর্মসূচি বাস্তবায়ন করছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার পাঁচটি চা বাগানের শিক্ষার্থী ও অসচ্ছল শ্রমিকদের মাঝে অর্থ বিতরণকালে সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল এসব কথা বলেন।

বিএনপি সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে জানিয়ে তিনি বলেন,মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখাই সরকারের প্রধান অঙ্গীকার। জনগণ যেন নিরাপদে বসবাস করতে পারে এবং নিশ্চিন্তে রাতের ঘুম ঘুমাতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, সমাজে যারা অস্থিরতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করবে, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ, আতাউল মোস্তফা সোহেল ও মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত