পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুইজগেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওবায়দুর রহমান সুমন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা। তার বাবার নাম ময়েন প্রামাণিক। প্রায় পাঁচ বছর ধরে তিনি মঠবাড়িয়া পৌর শহরের সুইজগেট এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
নিহতের স্ত্রী সখি বেগম জানান, তার স্বামী সুমন রাজমিস্ত্রীর কাজ করতো। প্রতিনিধি কাজ করলেও তিনি বলতেন টাকা দেওয়া হয়না। তার স্বামী দীর্ঘদিন ধরে পরিবারের বাজার-সদাই ও সন্তানের খরচ নিয়মিত দিতেন না। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধারদেনাও করেছিলেন বলে তিনি দাবি করেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো। দেনার চাপ ও পারিবারিক অশান্তির কারণে তার স্বামী আত্মহত্যা করেছেন।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।