ভারেতের চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশ করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। এক পোস্টে তিনি শিক্ষার সংস্কারের পক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি আন্দোলনকে ঘিরে কোনো দেশবিরোধী গোষ্ঠী যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানান। একই সঙ্গে সরকার ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থা রাখার কথাও বলেন।
তার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই অভিযোগ করেন, তিনি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে এসব সমালোচনার জবাবও দিয়েছেন অভিনেত্রী। প্রীতি জিনতা তার পোস্টে লিখেছেন, শিক্ষার্থীদের সমর্থন করা এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এটি তরুণদের ভবিষ্যতের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে তিনি মনে করেন, শান্তিপূর্ণ আন্দোলনকে কোনো দেশবিরোধী গোষ্ঠী নিজেদের স্বার্থে ব্যবহার করে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে বাড়তে থাকা ঘৃণা ও বিভাজন তাকে উদ্বিগ্ন করছে। তার প্রশ্ন, দেশের ভেতর ও বাইরের কিছু অপশক্তি শিক্ষার্থীদের ক্ষোভ ও হতাশাকে কাজে লাগিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে ভাবার বিষয়।
সরকারের প্রতি আস্থা রাখার আহবান জানিয়ে প্রীতি বলেন, তিনি কঠোর পরিশ্রম, গণতন্ত্র, আইনশৃঙ্খলা ও সরকারের ওপর বিশ্বাস রাখেন। তাই তার প্রত্যাশা, সংশ্লিষ্ট সব পক্ষ অর্থবহ ও গঠনমূলক আলোচনায় বসবে। পাশাপাশি আন্দোলনের সুযোগ নিয়ে সক্রিয় হওয়া অপশক্তিকে প্রতিহত করতে হবে, যাতে দেশের যুবসমাজ ও গণতন্ত্রের ভবিষ্যৎ আরও শক্তিশালী হয়।
এই পোস্টের পর মন্তব্যের ঘরে তাকে নিয়ে নানা সমালোচনা শুরু হয়। এক নেটিজেন মন্তব্য করেন, ‘বিজেপির কাছ থেকে কি স্ক্রিপ্ট পেয়েছেন?’ জবাবে প্রীতি লেখেন, ‘না, আমি আমার স্ক্রিপ্ট নিজেই লিখি। আপনার মন্তব্যে মজা পেতে পারতাম, কিন্তু আপনি তো বানানই ঠিকমতো লিখতে পারেননি। তাই আপনি চুপ থাকুন।’
আরেকজন একই ধরনের মন্তব্য করলে প্রীতি জবাব দেন, ‘স্ক্রিপ্ট চলচ্চিত্রে পাওয়া যায়, বাস্তব জীবনে নয়। বিষয়টি আপনার জানার জন্য বললাম।’