চাঁদপুরের মতলব উত্তরে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মো. অরুণ ভু্ইঁয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (২২ জুলাই) দুপুরে আদালতে আসামি উপস্থিতিতে শিশু সহিংসতা দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত অরুণ ভুঁইয়া (৫০) উপজেলার গজরা ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ৯ জুলাই সকাল ১১টার দিকে ওই শিশু তার আপন ভাইয়ের সঙ্গে বাড়ির পাশে জমিতে বীজ পাহারা দেওয়ার জন্য যায়। কিছু সময় অতিবাহিত হলে তাকে ওই জমির পাশে বসিয়ে রেখে খাবার খেতে যায় ভাই। এই সুযোগে সেখানে আসামি ওই শিশুকে ধর্ষণ করে। পরে শিশুটি তার দাদীকে এবিষয়ে জানায়। ওই দিন চিকিৎসার জন্য শিশুর বাবা-মা ঢাকায় ছিলেন। এরপর ১৪ জুলাই বাড়ি ফিরে ভুক্তভোগী শিশুর বাবা মতলব উত্তর থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোবারক আলী আসামীকে গ্রেপ্তার করে ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন। পাশাপাশি তিনি মামলাটি তদন্ত শেষে ওই বছর ২০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা বলেন, আদালতে মামলাটি চলমান অবস্থায় ছয়জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। আসামি অপরাধ স্বীকার করায় ও নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক এই রায় দেন।