বরিশালের বাবুগঞ্জে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, বুধবার সকালে মহাসড়কের পাশের একটি গভীর খাদে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
তিনি জানান, ধারণা করা হচ্ছে রাতে অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় আহত হয়ে তিনি সড়কের পাশের খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট কাজ করছে।