গোপালগঞ্জে নিজ বাড়িতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে নিজ বাড়ি থেকে মীম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভাবড়াশুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মীম ওই এলাকার তারিকুল ইসলামের স্ত্রী। 

স্থানীয়রা জানায়, চার বছর আগে প্রেমের সম্পর্কে মিমের সঙ্গে তারিকুল ইসলামের বিয়ে হয়। এর পর থেকেই তাদের পারিবারিক কলহ চলে আসছিল। রবিবার সকালে মীমকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তারিকুল প্রতিবেশী এক নারীকে স্ত্রীকে দেখে আসতে বললে, তিনি গিয়ে মীমকে মৃত অবস্থায় দেখতে পান। এ ঘটনার পর থেকে স্বামী তারিকুল ইসলাম পলাতক রয়েছেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল তৈরি করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা যেন থামছেই না। পুলিশের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই-প্রতি মাসে গড়ে সারা দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে এক হাজার ৭৭৮টি।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পুলিশের নথিতে থাকা মামলার সংখ্যা নির্যাতনের সম্পূর্ণ চিত্র নয়। কারণ, অপরাধের শিকার হওয়ার পর একজন নারী বা শিশুর জন্য থানায় গিয়ে মামলা করা সহজ কোনো অভিজ্ঞতা নয়। সামাজিক চাপ, পারিবারিক বাধা, লোকলজ্জা কিংবা ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কারণে অনেক ক্ষেত্রেই ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিতে দ্বিধায় থাকেন। ফলে সার্বিক চিত্র তুলে ধরার ক্ষেত্রে এমন বাস্তবতাও বিবেচনায় নেওয়া জরুরি।

আইনগত ভাষায় ৮২ শতাংশ নারী ঘরে শারীরিক, মানসিক, আর্থিক ও যৌন নির্যাতনের শিকার হচ্ছে বলে জানান তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত