হামের উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে সে মারা যায়।
সন্ধ্যায় খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার হোসাইন আলী জানান, শিশুটির নাম হাওয়া। তার বয়স এক বছর। সে নগরীর শেখপাড়া এলাকার ওলিয়ার রহমান ও জোনাকী বেগম দম্পতির সন্তান।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম কর্নারের দায়িত্বে থাকা শিশু বিশেষজ্ঞ ডা. সৈয়দ রুখসানা পরভীন জানান, হাম ওয়ার্ডে ১৪টি শয্যা থাকলেও সেখানে বর্তমানে ৩৬ রোগী চিকিৎসাধীন আছেন।
এদিকে, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের দৈনিক প্রতিবেদনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫১ জন রোগী ভর্তি হয়েছে।