খুলনা নগরীর ফারাজীপাড়ায় ডিসি ফুড অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলেও পরে তা নিভে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পেট্রোল বোমা নিক্ষেপের ফলে খাদ্যগুদামের ভেতরে বিভিন্ন জায়গায় কাচের টুকরা ছড়িয়ে পড়ে। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, রাত ৮টার দিকে ফারাজীপাড়ায় অবস্থিত ডিসি ফুড অফিস লক্ষ্য করে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের পর আগুনের সৃষ্টি হলেও তা পরে নিভে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। অপরাধীদের খুঁজে বের করতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর গভীর রাতে খুলনা নগর ভবন এবং গতকাল জেলা জজ আদালত ও সার্কিট হাউস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব বিস্ফোরণে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।