লোহিত সাগরে ২ সৌদি ট্যাংকারে হুথিদের হামলা

লোহিত সাগরে সৌদি আরবের ‘এনসেলিয়া’ এবং ‘লায়লা’ নামে দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, ট্যাংকার দুটিতে একই সঙ্গে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল ও ড্রোন দিয়ে হামলা হয়েছে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে গেছে

হুথিরা এই আক্রমণটিকে সৌদি আরবের বিরুদ্ধে তাদের পাল্টা জবাব হিসেবে আখ্যায়িত করেছে। তারা একে "অবরোধের বদলে অবরোধ" বলে অভিহিত করছে। তারা বলেছে, সৌদি আরব ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর যে অবরোধ চাপিয়ে রেখেছিল—এখন সময় এসেছে ইয়েমেন এবং হুথিদের একই উপায়ে তার জবাব দেওয়ার।

এদিকে জাহাজ চলাচল বিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন সেন্টার জানিয়েছে, সৌদি উপকূল থেকে ৭০ নটিক্যাল মাইল (১৩০ কিলোমিটার) দূরে একটি জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যার ফলে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে কর্মীদের মধ্যে কোনো হতাহতের উল্লেখ পাওয়া যায়নি।

চলতি সপ্তাহে হুতি বিদ্রোহীরা সৌদির ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেয়। তারা সতর্কতা দিয়ে ওই সময় বলেছিল, লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মান্দেব দিয়ে সৌদির কোনো জাহাজ প্রবেশ ও বের হওয়ার চেষ্টা করলেই হামলা চালানো হবে।