বিতর্কিতদের নাম বাদ দিয়ে পুলিশ পদকের চূড়ান্ত তালিকা প্রস্তুত

বিতর্কিত চার পুলিশ কর্মকর্তার নাম বাদ দিয়ে পুলিশ পদকের জন্য অবশেষে ১০৫ জনের নতুন ও চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে পুলিশ সদর দপ্তর। এ বছর মে মাসে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬-এ মোট ১০৯ জনকে পদক দেওয়ার কথা থাকলেও তালিকা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হওয়ায় শেষ মুহূর্তে পদক প্রদান স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে যাচাই-বাছাই শেষে বিতর্কিত কর্মকর্তাদের বাদ দিয়ে সংশোধিত এই তালিকাটি সরকারি আদেশ (জিও) জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ সদর দপ্তর। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পর অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হবে।

বাদ পড়া চার কর্মকর্তা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার সরওয়ার হোসেন, ডিএমপির গোয়েন্দা (ডিবি) প্রধান শফিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) মো. আসাদুজ্জামান এবং ডিএমপির বম ডিসপোজাল টিমের এসআই গোলাম মুর্তজা।

বাদ পড়া কর্মকর্তাদের মধ্যে এসআই গোলাম মুর্তজা ছাড়া বাকি ৩ জন কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশ পদক পেয়েছিলেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিগত সরকারের সুবিধাভোগী ও বিতর্কিত কর্মকর্তাদের পুনরায় রাষ্ট্রীয় পদকের তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে খোদ পুলিশ বাহিনীর ভেতরেই তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়।

সাহসিকতা, পেশাগত দক্ষতা ও জনসেবায় অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ প্রতিবছর কর্মকর্তা ও সদস্যদের বিপিএম, পিপিএম, বিপিএম-সেবা এবং পিপিএম-সেবা পদক প্রদান করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে পদকপ্রাপ্তদের নির্বাচন নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক ও সমালোচনা হয়েছে।

গত ১০ মে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেদিনই চারটি ক্যাটাগরিতে পদক দেওয়ার কথা ছিল। তবে বিতর্কের কারণে পুলিশ সপ্তাহ উদ্বোধনের আগের রাতে পদক প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়।

পদক প্রদান কমিটির সভাপতি এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, আগের তালিকায় ১০৯ জনের নাম ছিল।

এর আগে মোট ১১৫ জনকে পদক দেওয়ার জন্য চূড়ান্ত করা হলেও বিভিন্ন সময়ে ছয়জনকে পদক প্রদান করা হয়। পরে অবশিষ্ট ১০৯ জনের তালিকা নিয়ে বিতর্ক দেখা দিলে সরকার পদক বিতরণ স্থগিত করে।