আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু

বিয়ের গায়ে হলুদের স্টেজ আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে সাইমন মজুমদার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেশপুষ্করনী গ্রামে বুধবার (২২ জুলাই) রাতে এই ঘটনা ঘটে।

মৃত সাইমন মজুমদার (২০) উপজেলার পৌর এলাকার শাহ আলম ছেলে ও পরশুরাম বাজারের সাইমন ইভেন্টের  মালিক। এক সন্তানের জনক সাইমন মা-বাবার বিচ্ছেদের পর ভাই-বোনসহ মায়ের সঙ্গে কোলাপাড়া নানার বাড়িতে বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, উপজেলার মহেশপুস্করনী গ্রামের নবী মিয়ার ছেলে মো. নয়নের সঙ্গে একই উপজেলার আশ্রাফপুর গ্রামের আবুল কালামের মেয়ের বিয়ের ইভেন্ট ম্যানেজম্যান্টের কাজ পান সাইমন। বুধবার রাতে গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার কথা। সাইমন তার কর্মচারিসহ সন্ধ্যায় গায়ে হলুদ অনুষ্ঠানের স্টেজ আলোকসজ্জা করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। বিয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করেন দ্রুত পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান , ময়নাতদন্তের জন্য সাইমনের মরদেহ অ্যাম্বুলেন্সে তোলা হলে তার শুভাকাঙ্ক্ষীরা আপত্তি জানায়। এক পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।