কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো.সাইফুল মালিক মারা গেছেন

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি সহধর্মিণী, দুই সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার জানায়, কয়েক দিন আগে সাইফুল মালিক স্ট্রোক করেন। প্রথমে তাকে কুমিল্লা মডার্ন হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। সেখানে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাইফুল মালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কর্মজীবনে সাইফুল মালেক একজন সৎ, বিনয়ী, মৃদুভাষী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে সমাদৃত ছিলেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মোহাম্মদ সাইফুল মালিক ২০১৬ সালে ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ১৯৮১ সালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় জন্ম নেওয়া সাইফুল মালিক বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সন্তান। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং ২০০৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত