২০২৬ বিশ্বকাপ ফাইনালের উত্তাপ যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার ক্ষত এখনও তাড়িয়ে বেড়াচ্ছে আলবিসেলেস্তে সমর্থকদের। আর এই আক্ষেপ থেকেই ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি তুলেছে ক্ষুব্ধ সমর্থকরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল মুন্ডো’র তথ্যানুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ম্যাচটি পুনর্নির্ধারণের দাবিতে একটি পিটিশন চালু হয়েছে। গিজেলা সানচেজ নামের এক আর্জেন্টাইন সমর্থক ‘চেঞ্জ ডট অর্গ’ ওয়েবসাইটে এই পিটিশন শুরু করেছেন। নিউ ইয়র্ক নিউ জার্সিতে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচের রেফারি স্লাভকো ভিনচিচের কিছু বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে দাবি করা হচ্ছে। ফিফার কাছে রেফারিংয়ের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে এই উদ্যোগে এখন পর্যন্ত স্বাক্ষর করেছেন ৬২ হাজারেরও বেশি মানুষ।
তবে এমন দাবির পেছনে সুনির্দিষ্ট কোনো প্রমাণ দিতে পারেননি পিটিশনকারী সানচেজ। ফিফার বর্তমান ক্রীড়া আইন অনুযায়ী, ব্যতিক্রমী পরিস্থিতি বা নিয়ন্ত্রক সংস্থার সরাসরি নির্দেশ ছাড়া কোনো অফিসিয়াল ফাইনাল ম্যাচ পুনরায় খেলার নিয়ম নেই। চলতি বিশ্বকাপের আসরে এমন প্রতিবাদ অবশ্য এটিই প্রথম নয়; এর আগে সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর একটি পেনাল্টি নিয়ে তৈরি হওয়া বিতর্কিত পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ফরাসি সমর্থকরাও ম্যাচটি পুনর্নির্ধারণের দাবিতে ৮২ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করেছিল।
টানা ১৩ ম্যাচ জয়ের রথ ছুটিয়ে ফাইনালের মঞ্চে পা রেখেছিল আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের শিরোপা পর টানা দ্বিতীয় বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামলেও অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের করা এক গোলই সব ওলটপালট করে দেয়। এতে ১৬ বছর পর ফের বিশ্বসেরার মুকুট পরে স্প্যানিশরা। মাঠে পরাজয়ের তিক্ততা ভুলে হাজার হাজার সমর্থক দলের পাশে দাঁড়িয়ে রানার্সআপ হওয়া দলকে রাজকীয় সংবর্ধনা জানালেও, এই অনলাইন পিটিশনটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।