ম্যানচেস্টার সিটির আকাশী-নীল জার্সিতে আরও দীর্ঘ হলো ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেনের পথচলা। পেপ গার্দিওলার হাত ধরে মূল দলে পা রাখার পর থেকেই ক্লাবের আক্রমণভাগের অন্যতম ভরসা হয়ে ওঠা এই ইংলিশ মিডফিল্ডার ২০৩০ সাল পর্যন্ত সিটিজেনদের হয়ে খেলার চুক্তিতে সই করেছেন।
প্রিমিয়ার লিগের ক্লাবের ওয়েবসাইটে বুধবার এক ঘোষণায় জানানো হয় ফোডেনের চুক্তি বাড়ানোর বিষয়টি।
গত মৌসুমটা খুব একটা ভালো যায়নি তার। সব প্রতিযোগিতায় ৫০ ম্যাচে ১০ গোল ও ৭ অ্যাসিস্ট পেলেও ফর্মহীনতার কারণে ২০২৬ সালের বিশকাপের ইংল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়েন ২৬ বছর বয়সী এই তারকা। তবে জাতীয় দলের সেই হতাশা পেছনে ফেলে ক্লাব ফুটবলে নতুন করে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত এই অ্যাকাডেমি গ্র্যাজুয়েট। সিটির হয়ে এখন পর্যন্ত ৪১১টি ম্যাচ খেলে ১৩১ গোল করা ফোডেন প্রিমিয়ার লিগ থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স লিগ সব বড় ট্রফিই নিজের শোকেসে তুলেছেন।
নতুন এই চুক্তির পর ভীষণ রোমাঞ্চিত ২৪ বছর বয়সী এই তারকা। উচ্ছ্বাস প্রকাশ করে ফোডেন বলেন, ‘সিটির হয়ে এত বড় একটি ঐতিহাসিক সাফল্যের অংশ হতে পারা এবং এতগুলো শিরোপা জেতার সৌভাগ্য আমার হয়েছে, বিষয়টি আমি কখনোই খাটো করে দেখি না। তবে আমরা সবসময় ভবিষ্যতের দিকে তাকাই এবং আরও বেশি ট্রফি জেতার চেষ্টা করি।’
ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফোডেন আরো বলেন, ‘ক্লাব, স্টাফ, সতীর্থ এবং ভক্তদের ধন্যবাদ জানানো ছাড়া আমার আর কিছু বলার নেই। তারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান দিতে আমি সিটির জন্য সবসময় নিজের সবকিছু উজাড় করে দেব।’
প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু হবে আগামী ২১ আগস্ট থেকে। সেখানে ২৩ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন কোচ এনজো মারেস্কার অধীনে লিগ অভিযান শুরু করবে সিটি।